পবিত্রা অগ্রবাল; অনুবাদ:বেবী কারফরমা
“ঠাকুমা! তুমি ঈশ্বরকে মানো? ডলি জিজ্ঞাসা করল।
“এ আবার কেমন প্রশ্ন? আমি রোজ মন্দিরে যাই, পুজোপাঠ করি, তুমি দেখতে পাও না?”
“হ্যাঁ দেখি তো………… আচ্ছা ঠাকুমা , মা বলে জীবন-মৃত্যু ভগবানের হাতে। তার ইচ্ছার বিরুদ্ধে সংসারে কিছুই ঘটে না।”
“একদম, তুমিই ঠিকই শুনেছ। তার ইচ্ছার বিরুদ্ধে একটা পাতা পর্যন্ত সরে না।”
“ঠাকুমা, শুনেছি বিবাহের পাত্রপাত্রী ঈশ্বর নির্দিষ্ট করে পাঠায়। মানে কার সাথে কার বিবাহ হবে, এটা আগে থেকেই স্থির করা থাকে।”
“হ্যাঁ, একদম ঠিক………… কিন্তু সকাল সকাল তুমি এমন কথা জিজ্ঞাসা করছিস কেন?”
“আসলে এই প্রশ্নগুলো মনের ভিতর তোলপাড় করছে আর আমি এর উত্তর খুঁজে পাচ্ছি না।”
“এবার উত্তর পেলে?”
“না ঠাকুমা, এখন তো আরও গুলিয়ে গেল।”
“আমায় বলো কোনটা গুলিয়ে গেল?”
“পিসির বিয়ের এক বছরের মধ্যে পিসেমশাই মারা গেল। ওনার শশুরবাড়ির লোকেরা ওকে অশুভ মনে করে বাড়ি থেকে বের করে দিল………… এতে পিসির কি দোষ ।”
“এটাই তো ওদের অক্ষমতা, বাছা। ভগবানের সত্ত্বাকে ওরা মেনে নিতে পারে না।”
“কিন্তু ঠাকুমা, তুমি তো সব বোঝ। তাহলে দাদা মারা যাওয়ায় বৌদিকে দোষী সাব্যস্ত করে কেন বাপের বাড়ি পাঠিয়ে দিলে?” কথাটা শুনে ঠাকুমা তেলেবেগুনে জ্বলে উঠে বলল-“ চুপ কর ছুড়ি , আমি তোকে কিছু বোঝাতে পারবো না।…………তোর বাবাই কোনোদিন এসব কথা জিজ্ঞাসা করেনি, তুই কে জিজ্ঞাসা করার?………… নাস্তিক কোথাকার!”
“কিন্তু ঠাকুমা……”
“আমার মন্দির যাবার সময় হয়ে গেল, আমার মাথা খাস না।”
অনুবাদ:বেবী কারফরমা